ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১ জুলাই) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না। অর্থাৎ ট্রেনটি স্টেশনে থামবে না এবং যাত্রাবিরতি দেবে না। তবে মেট্রোরেলের অন্য সব স্টেশনে ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
ডিএমটিসিএল জানিয়েছে, সাময়িক এ ব্যবস্থার কারণে যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি আবারও স্বাভাবিকভাবে চালু হবে।