Loading...

  • 26 Jul, 2026

চার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, প্রথম যাত্রায় এলেন ২৭২ যাত্রী

চার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, প্রথম যাত্রায় এলেন ২৭২ যাত্রী

চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আবার শুরু হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের অন্যতম দাবি ছিল এই সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, পুনরায় চালু হওয়া প্রথম ফ্লাইটে মোট ২৭২ জন যাত্রী সিলেটে পৌঁছান। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। চার মাসের বিরতির পর আবারও সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইটটি সিলেটে পৌঁছানোর পর যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা জানান, প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ করতে সরকার এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান বজায় রেখে ভবিষ্যতেও এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসীদের ভোগান্তি অনেক বেড়ে গিয়েছিল। এখন আবার এই সেবা চালু হওয়ায় সময়, খরচ ও ভ্রমণের ঝামেলা অনেকটাই কমবে। বিশেষ করে সিলেটি প্রবাসীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।