Loading...

  • 26 Jul, 2026

বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্র বা ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হলে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত হবে।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আসতেন। তবে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশমুখী হচ্ছেন। এই প্রবণতা পরিবর্তন করে দেশের উচ্চশিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলাদেশে আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দক্ষ, যুগোপযোগী ও গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক বৈশিষ্ট্য ও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত। নওগাঁ কৃষিপ্রধান জেলা হওয়ায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিতে ফুড টেকনোলজি, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।