Loading...

  • 26 Jul, 2026

বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা সহজ করার আহ্বান, ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর অনুরোধ মন্ত্রীর

বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা সহজ করার আহ্বান, ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর অনুরোধ মন্ত্রীর

আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাজ্যের ওকেটিবি (OKTB), ট্রানজিট ও অন্যান্য নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে বাংলাদেশের জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন, সামুদ্রিক প্রকৌশল এবং সামুদ্রিক পরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন শেখ রবিউল আলম। শুক্রবার (১০ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়।

বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। গণতন্ত্র, সুশাসন, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পরিবহন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি, ট্রানজিট এবং অন্যান্য নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় প্রদানের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, দক্ষ বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহজ ভিসা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, বন্দর উন্নয়ন, সামুদ্রিক প্রকৌশল, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান শেখ রবিউল আলম। তিনি এসব খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও বৈঠকে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি ইতোমধ্যে আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) বৈশ্বিক উদ্যোগের প্রতিও বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বৈশ্বিক নির্গমনের প্রধান উৎস না হলেও পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।

বৈঠক শেষে শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় উভয় পক্ষ পরিবহন, বন্দর, রেলপথ, সামুদ্রিক খাত, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।