বাংলাদেশে দুর্যোগ ও মানবিক সংকট মোকাবিলায় চীন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যখনই প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১ লাখ মার্কিন ডলারের মানবিক ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, মানবিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ কার্যক্রম এবং মানবিক সহায়তার পাশাপাশি নদী ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই মানবিক সহায়তার প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশ-চীন সম্পর্কের মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।