টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সড়কটি উন্মুক্ত করে দেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এর আগে গত ১২ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ক্ষতিগ্রস্ত সেতু ও সংযোগ সড়কের পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে। ২৪ জুলাই পরীক্ষামূলকভাবে ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার পর শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ি ঢলের কারণে গত ১২ জুলাই এলাকার একটি রাবার ড্যামে পানির তীব্র চাপ সৃষ্টি হয়ে স্রোতের গতিপথ পরিবর্তন হয়। এতে সেতুর ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সেতুর একাংশ ধসে পড়ে। পাশাপাশি প্রায় ১৫০ ফুট সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রকৌশলীরা দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করেন।
এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, রাঙ্গামাটি-বান্দরবান রুটে যাত্রীবাহী বাস চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সড়ক চালুর খবর অনেক যাত্রীর কাছে এখনও না পৌঁছানোয় প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে বলে তিনি জানান।
দীর্ঘ ১৩ দিন পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় দুই জেলার বাসিন্দা, ব্যবসায়ী এবং নিয়মিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সেতু ও সংযোগ সড়কের স্থায়ী ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।