রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পরিচালিত এ পরিদর্শনে প্রধানমন্ত্রী রাজধানীর সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিবেশ, সড়কবাতির কার্যকারিতা, রাতের যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেন। বিশেষ করে রাতের বেলায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি মূল্যায়ন করাই ছিল এ আকস্মিক সফরের মূল উদ্দেশ্য।
প্রশাসন সূত্র জানিয়েছে, রাজধানীবাসীর ভোগান্তি কমানো এবং নগরসেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যেই পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন সময় মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। এতে কোথায় সেবায় ঘাটতি বা গাফিলতি রয়েছে, তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।