কেউ অহেতুক গালি বা কটূক্তি করলেও তাতে তিনি বিচলিত হন না; বরং এতে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে ওলামা প্রতিনিধিরা অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা সবাইকে সম্মান করেন। কেউ তাকে গালি দিলেও তিনি এতে বিচলিত হন না। তার মতে, যে বিষয়ে তাকে গালি দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি যদি সম্পৃক্ত না থাকেন, তাহলে ওই অপমান বা কটূক্তির কারণে তার কিছু গুনাহ মাফ হতে পারে।
তিনি বলেন, ‘গালি দিলে আমার কিছু যায় আসে না। বরং লাভ আছে—কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে।’
জামায়াত আমির আরও বলেন, সমালোচনা বা কটূক্তির জবাব একইভাবে দেওয়া উচিত নয়। কেউ অন্যায়ভাবে আক্রমণ করলেও ধৈর্য ধারণ করতে হবে এবং যুক্তিসংগত সমালোচনা থাকলে তা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে।
‘যুক্তি থাকলে নিতে হবে, না থাকলেও বিনয়ী হতে হবে’
সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে। তবে মতের পার্থক্যের কারণে একজন আরেকজনকে অস্বীকার করা উচিত নয়।
তিনি বলেন, ‘এক ভাই আমাকে গালি দিলে তাকে গালি দেওয়া যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা বাড়াতে হবে। তাদের কথায় যুক্তি থাকলে তা নিতে হবে, না থাকলেও বিনয়ী হতে হবে।’
জামায়াত আমিরের ভাষ্য, দায়িত্বশীল পর্যায় থেকে অন্যদের অযথা সমালোচনা না করে সহনশীলতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্যকে সংঘাতে পরিণত না করার ওপর গুরুত্ব দেন তিনি।
ইসলাম নিয়ে ‘ভুল ধারণা’ দূর করার আহ্বান
ইসলাম সম্পর্কে সমাজে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা প্রচার করা হয় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে কঠোর শাস্তির কারণে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে—এমন ধারণার সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ইসলামের মূল শিক্ষা ন্যায়, মানবিকতা, শৃঙ্খলা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি না করে এর প্রকৃত মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানান তিনি।
উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান
সম্মেলনে সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির। মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও সংযম বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে মিন্টো রোডে সরকারি বাসভবনে জুলাই আন্দোলন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন শেষে বিএনপির সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি সংস্কারের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো তারা ভুলে গেছে।