ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি পরিচয় যাচাই সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই নতুন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোনো ধরনের ফি ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। এর মূল উদ্দেশ্য ভুয়া অ্যাকাউন্ট কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত করা আরও সহজ করা।
নতুন এই প্রক্রিয়ায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত হবে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।
প্রাথমিকভাবে এই ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ভেরিফায়েড পরিচয় কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, নতুন এই সেবা বর্তমানে চালু থাকা Meta Verified-এর বিকল্প নয়। কারণ Meta Verified একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা, অ্যাকাউন্ট সুরক্ষা এবং অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে, নতুন Facebook Verified শুধুমাত্র ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে এবং এতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম ধাপে বিশ্বের কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার আশা, এই উদ্যোগ ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমানোর পাশাপাশি ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণত করতে সহায়তা করবে।