অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই এর সম্ভাব্য ফিচার নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্লেষক, প্রযুক্তি লিকার এবং অনলাইন প্রতিবেদনের ভিত্তিতে ফোনটির প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং মূল্য নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। যদিও অ্যাপল এখনো এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বর্তমান তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এ আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করতে পারে অ্যাপল। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচিত হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
ফাঁস হওয়া তথ্য বলছে, নতুন মডেলের বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন না এনে আগের ডিজাইনের ধারাবাহিকতা বজায় রাখতে পারে অ্যাপল। তবে অভ্যন্তরীণ হার্ডওয়্যারে উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যেতে পারে।
সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে এ২০ প্রো (A20 Pro) চিপসেটে। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর, যা উন্নত পারফরম্যান্স, কম বিদ্যুৎ খরচ এবং আরও কার্যকর তাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সক্ষম হবে।
ক্যামেরা বিভাগেও বড় আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। প্রধান ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে, যার মাধ্যমে পরিবেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কম আলোতে ছবি তোলার মান আরও উন্নত হওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা ডেপথ অব ফিল্ড নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা পাবেন।
ব্যাটারির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চিপের বিদ্যুৎ-সাশ্রয়ী নকশার কারণে বড় ব্যাটারির সঙ্গে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যেতে পারে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্স সংস্করণে আগের তুলনায় বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ডিভাইসটির সম্ভাব্য মূল্য নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দাবি, আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এমনটি হলে এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নন-ফোল্ডেবল আইফোন হতে পারে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিজাইনে বড় পরিবর্তন না এলেও নতুন প্রসেসর, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির মতো আপগ্রেড আইফোন ১৮ প্রো ম্যাক্সকে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে চূড়ান্ত তথ্য জানা যাবে অ্যাপলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর।