Loading...

  • 26 Jul, 2026

ওয়ার্ক পারমিট নবায়নে সৌদি সরকারের জরুরি নির্দেশনা, ১ জুলাই থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

ওয়ার্ক পারমিট নবায়নে সৌদি সরকারের জরুরি নির্দেশনা, ১ জুলাই থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নবায়ন ও বৈধতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়ন অথবা সংশ্লিষ্ট কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এর পরবর্তী সময় থেকে কঠোর প্রশাসনিক পদক্ষেপ কার্যকর করা হবে।

কিওয়া জানিয়েছে, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা হয়নি, তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। ফলে কর্মীদের আইনগত অবস্থান জটিল হয়ে পড়তে পারে এবং নিয়োগকর্তাদেরও প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে।

তবে কর্মীকে অবৈধ বা মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটে যে সময় পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই সময়ের সব ধরনের আর্থিক দায়, ফি এবং সংশ্লিষ্ট ব্যয় নিয়োগকর্তাকেই বহন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও যদি তার ইকামা (বাসস্থান অনুমতিপত্র) কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না। তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে নিয়োগকর্তাকে ওয়ার্ক পারমিট ও ইকামা উভয়ই নবায়ন করতে হবে, অন্যথায় অতিরিক্ত জরিমানা ও প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হতে পারে।

কিওয়া প্ল্যাটফর্ম স্পষ্টভাবে জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা কর্মীদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের দ্রুত বকেয়া ফি পরিশোধ, পারমিট নবায়ন অথবা কর্মীদের বৈধভাবে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসী কর্মীদের চাকরি ও আবাসন সংক্রান্ত জটিলতা এড়াতে নিয়োগকর্তা এবং কর্মী উভয়েরই সময়মতো কাগজপত্র হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি।