বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সঙ্গে। সোমবার (৪ মে) সকালে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় পক্ষ বর্তমান সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যতে নতুন সম্ভাবনা ও পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
ভার্মা জানান, ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পারস্পরিক স্বার্থ ও উন্নয়নের অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।