Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ভাইরাল ভিডিওর জেরে ফরিদপুরে উপসহকারী ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভাইরাল ভিডিওর জেরে ফরিদপুরে উপসহকারী ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখার একটি ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় উল্লেখিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী ২৬ জুলাই থেকে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে রোববার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ তার কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতেও শোনা যায়। তিনি বলেন, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, ভিডিওতে দেখা অর্থ কোনো ঘুষের টাকা নয়; বরং আগে ব্যক্তিগতভাবে ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার সময় ওই ভিডিও ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, অনেকেই তার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন এবং পরে তা পরিশোধ করেন। তবে যিনি টাকা ফেরত দিয়েছেন, তার পরিচয় প্রকাশ করেননি।

এদিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগেও দাপ্তরিক অনুপস্থিতির কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়।

ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ সরকারি দপ্তরে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।