স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার (৯ মে) যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।