সরকারি ও বিরোধী দলকে সঙ্গে নিয়েই জুলাই সনদ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী Ahmed Azam Khan। তিনি বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয় এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ জাতির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রগঠন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই চেতনাকে ধারণ করেই সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, জুলাইয়ের আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ অসংখ্য মানুষের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তাদের সেই আত্মত্যাগের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।