বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার (১২ জুন) সৌদি আরবের রাজধানী রিয়াদ-এর দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের হজ ব্যবস্থাপনা, ভবিষ্যৎ সহযোগিতা এবং হজযাত্রীদের সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের দক্ষতা, সমন্বয় ও সুশৃঙ্খল কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা এবং ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বের প্রশংসা করে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
একই সঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করবে।
বৈঠকে ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ২০২৭ সালের হজকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, হজযাত্রীদের ভোগান্তি কমানো, ভিড় নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে সৌদি সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
ধর্মমন্ত্রী কায়কোবাদ এ সময় সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, তা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে হজযাত্রীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, মাশায়ের এলাকায় সেবার মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন হজ পালনকে আরও সহজ ও স্বস্তিদায়ক করেছে।
ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবায় সৌদি সরকারের যে আন্তরিকতা ও নিষ্ঠা রয়েছে, তা মুসলিম বিশ্বের জন্য প্রশংসনীয়।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ:
হজ, হজ ব্যবস্থাপনা, ধর্মমন্ত্রী কায়কোবাদ, সৌদি আরব, রিয়াদ, তৌফিক আল রাবিয়াহ, বাংলাদেশ, হজ ও উমরাহ, তারেক রহমান, সৌদি সরকার, মুসলিম বিশ্ব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজযাত্রী, আন্তর্জাতিক সম্পর্ক, বাংলাদেশ-সৌদি সহযোগিতা