সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো সাংবিধানিক সুরক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তার ভাষ্য, এই অনুচ্ছেদ গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাংবিধানিক দায়মুক্তি বা সুরক্ষা প্রদান করে না।
বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দলটি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনকেও প্রভাবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
এর আগে একই দিনে ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার বিকেলে চুয়াডাঙ্গায়ও পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।