Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত অন্তত ২৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষ হওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।