চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরও অন্তত তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, স্ক্র্যাপ জাহাজের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় জেলেরা জানান, কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা কারখানার পাশের খাল দিয়ে নৌকা নিয়ে যেতে পারেননি। বাধ্য হয়ে তারা প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়ান।
এদিকে জাহাজের ভেতরে কয়েকজন শ্রমিকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কিছু লোকজন কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থলের বাইরে ছিলেন। কারখানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতাবশত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। তাদের মধ্যে চার থেকে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ফেরদৌস স্টিল থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয় বলে তিনি জানান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।