Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনায় কাজ করছে সরকার, এজেন্সির কমিশন বাড়ানোর আশ্বাস

সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনায় কাজ করছে সরকার, এজেন্সির কমিশন বাড়ানোর আশ্বাস

সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হজযাত্রীদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নের পাশাপাশি হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, হজ শুধু একটি সফর নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পবিত্র ইবাদত। তাই এই ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, হজ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অসাধুতা গ্রহণযোগ্য নয় এবং প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি স্মরণ রাখতে হবে।

মন্ত্রী জানান, অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে অনেক হজযাত্রীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, নিরাপদ ও জনবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে দুই দফায় হজের ব্যয় মোট ৩৬ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। এছাড়া সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং ইতিবাচক অগ্রগতি হলে বিমান ভাড়াও আরও কমানো সম্ভব হতে পারে।

হজ এজেন্সিগুলোর কমিশন বৃদ্ধির দাবির বিষয়ে আফরোজা খানম বলেন, এ বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যৌক্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের শেষে তিনি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।