Loading...

  • 26 Jul, 2026

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি মাসুদ সাঈদীর

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি মাসুদ সাঈদীর

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতির সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই জুলাইয়ের গণহত্যার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে মো. সাহাবুদ্দিন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন আলোচনা বিভিন্ন মহলে রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগের বিষয়ে জবাবদিহি নিশ্চিত না করে যেন তিনি দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিষয়ে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সাবেক রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, যদি এ বিষয়ে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হয়, তাহলে ছাত্র-জনতা আবারও আন্দোলনে নামতে পারে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

উল্লেখ্য, মাসুদ সাঈদীর এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া দাবি ও মতামত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।