রাশিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের প্রস্তুতি চলছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউনিটটিতে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি লঞ্চার থাকতে পারে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক বলেন, প্রায় ৯০ সদস্যের একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিটকে রাশিয়ার পশ্চিমাঞ্চলের ভোরোনেঝ এলাকায় মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ইউনিটটি রাশিয়ার ১১২তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অধীনে কাজ করবে বলে তিনি দাবি করেন।
চেরনিয়াকের ভাষ্য অনুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে নতুন করে ৪০টি কেএন-২৩ ও কেএন-২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট কর্মীদের রাশিয়ায় পাঠিয়েছে। আগামী মাসে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে মোতায়েনের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে। রাশিয়ার লক্ষ্য মোট ১২০টি উত্তর কোরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি লঞ্চার মোতায়েন করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন বর্তমানে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে রয়েছে। এই সুযোগে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা তুলনামূলক কঠিন হওয়ায় ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলাডেলফিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট-এর জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা রাশিয়ার হাতে যুক্ত হওয়া ইউক্রেনের জন্য বড় ধরনের হুমকি। তাঁর মতে, শীত মৌসুমে রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাতে পারে।
তবে চেরনিয়াকের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনও এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং সেনা সহায়তা দিয়েছে। সম্প্রতি ইউক্রেনের অভিযোগ, উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্রের হামলায় মধ্য ইউক্রেনের একটি আবাসিক এলাকায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়লে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে এবং চলমান যুদ্ধ নতুন মাত্রা পেতে পারে।