Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজার সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারে পৌঁছায়।

বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলের সদস্যরা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান। সফরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-৪ এক্সটেনশন, ক্যাম্প-৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করবে। এ সময় তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা, পুষ্টি, জীবিকায়ন এবং অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাত্রার মান, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত বিভিন্ন সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করবে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সরকারি কর্মকর্তা এবং মানবিক সহায়তা বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খাদ্যসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চাপের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের মাধ্যমে ক্যাম্পগুলোর বর্তমান অবস্থা মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হবে।

বর্তমানে কক্সবাজারের ৩৩টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান দাতা দেশ হিসেবে ভূমিকা রেখে আসছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রতিনিধি দলের শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।