Loading...

  • 26 Jul, 2026

রাতভর ১৭৪ মিমি বৃষ্টিতে ময়মনসিংহ অচল, জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাতভর ১৭৪ মিমি বৃষ্টিতে ময়মনসিংহ অচল, জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

টানা সাড়ে আট ঘণ্টার ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে ময়মনসিংহ নগরী। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রেকর্ড ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, অলিগলি, আবাসিক এলাকা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। এরই মধ্যে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আয়াস নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে আবির মিয়ার বাড়িতে রাত থেকেই পানি প্রবেশ করে। বুধবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আয়াস ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা আবির মিয়ার ছেলে।

শিশুটির স্বজন রুমানা আক্তার জানান, সারারাতের বৃষ্টিতে ঘর পানিতে ডুবে যায়। সকালে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত।

ভারী বর্ষণের প্রভাবে নগরীর চরপাড়া, ভাটিকাশর, কাচিঝুলি, বাসবাড়ি কলোনি, নয়াপাড়া, কপিখেতসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও ড্রেনের ময়লাযুক্ত পানি বাসাবাড়িতে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বেড়েছে।

জলাবদ্ধতার খবর পেয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। সিটি কর্পোরেশন জানিয়েছে, বিভিন্ন খাল ও ড্রেনে জমে থাকা পলি অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে প্রশাসক রুকুনোজ্জামান রোকন নগরবাসীর প্রতি খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সবার সচেতনতা জরুরি।