রাজধানীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রায় ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে যান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে প্রবেশ করেন। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। পছন্দসই গয়না নির্বাচন ও বিল প্রস্তুতের পর মূল্য পরিশোধের জন্য তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।
দোকানের কর্মচারীদের টাকাগুলো সন্দেহজনক মনে হলে তারা যাচাই করে সেগুলোকে কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা নোটগুলোর সত্যতা যাচাই এবং জাল নোট চক্রের সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।