রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। এর মাধ্যমে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন নিশ্চিত হওয়ায় মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত জামিন আবেদন শুনানি শেষে তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আগে থেকেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সর্বশেষ ওয়ারী থানার প্রতারণা মামলায়ও জামিন পাওয়ায় বর্তমানে সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তির পথে আর কোনো আইনগত বাধা নেই।
মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুন ওয়ারী থানার এই প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে আরও অর্থ বিনিয়োগে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে লাভসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ আদালতের এই আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে চলমান সব মামলায় জামিন নিশ্চিত হয়েছে।