প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
এ সময় ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীর সক্ষমতা আরও উন্নয়ন ও দেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সরকারি সূত্রে জানা গেছে, সাক্ষাতে নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম, সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।