Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক, রেপো রেট এখন ৯.৫০ শতাংশ

দীর্ঘ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অনুসরণের পর প্রায় দুই বছর পর নীতি সুদহার (রেপো রেট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করেছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেটও কমানো হয়েছে, তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ও ১৩তম সভা গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে কমিটি নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত এসএলএফ রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে, সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফ রেট ৭ দশমিক ৫০ শতাংশেই বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত ঋণের ব্যয় কিছুটা কমাতে, বিনিয়োগে গতি আনতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়ক হতে পারে।