ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করার সরকারি ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, ভারত কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি দেশের ১৪০ কোটি মানুষের।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘোষণা দিয়ে মোদি সরকার জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিবাদ দমনে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে।
কেজরিওয়াল বলেন, ‘মোদিজি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন। অন্যথায় এ দেশের মানুষ এমন শিক্ষা দেবে, যা ইতিহাসে স্বৈরশাসকদের পরিণতির উদাহরণ হয়ে থাকবে।’
এর আগে দিল্লি পুলিশ জানায়, সংসদ ভবন অভিমুখে বিক্ষোভকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে। এসব মামলায় দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর এবং কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ, এমনকি মুখ শনাক্তকরণ প্রযুক্তির সহায়তাও ব্যবহার করা হচ্ছে।
পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালে ১৫ থেকে ২০টি সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দিল্লিতে সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ অংশ নেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।