মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি ককটেল সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মে) রাতে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় বাবলু মিয়ার বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এবং তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে লাল টেপে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু ও কয়েকটি হুমকিমূলক চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। একটি চিরকুটে লেখা ছিল, “এক ঘণ্টা সময় পেলে বিএনপিদের কী হাল করবো, লাভলুর মতো তোদের জবাই করবো, পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা ওদের টাকা দি।”
আরেকটি চিরকুটে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কুকুরের বাচ্চা বিএনপিদের কী হাল করবো।” এছাড়াও সেখানে কয়েকটি অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
চিঠিতে মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, তালিকাভুক্ত সবাই বিএনপির সক্রিয় নেতাকর্মী। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাড়ির মালিক বাবলু মিয়া বলেন, এর আগেও তাঁকে কয়েকবার চিরকুট দিয়ে হুমকি দেওয়া হয়েছে। তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বস্তু দুটি ককটেল সদৃশ। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ট্যাগ
#মেহেরপুর #গাংনী #বিএনপি #হত্যারহুমকি #চিরকুট #ককটেল #রাজনীতি #বাংলাদেশরাজনীতি #শেখহাসিনা #জয়বাংলা #পুলিশ #অপরাধ #BreakingNews #BangladeshPolitics #BNP #CrimeNews