ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। কয়েক দিন ধরেই তার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
তিনি জানান, লিভার-সংক্রান্ত জটিলতা নিয়ে কারিনা হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কায়সার হামিদের ভাষ্য অনুযায়ী, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল, তবে যথাযথ চিকিৎসা ও ওষুধ না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে সংক্রমণের পাশাপাশি তিনি হেপাটাইটিস এ-তেও আক্রান্ত হন, যা শেষ পর্যন্ত লিভার ফেইলিউরের দিকে নিয়ে যায়।
মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার চরকির ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে কাজ করে দর্শকমহলে প্রশংসা পেয়েছেন।