বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে হতাশা নিয়ে অভিযান শুরু করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে সেই হতাশা ঝেড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে এতে দমে যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে রাখে তারা।
অবশেষে ম্যাচের ২৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। ডান দিক থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রথম শট ঠেকালেও ফিরতি বলে আলতো টোকায় জাল খুঁজে নেন ম্যাথিউস কুনহা। তার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেলেসাওরা। ৩৬তম মিনিটে আসে দ্বিতীয় গোল। মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণ রচনা করেন ভিনিসিয়ুস। ডিফেন্স চেরা নিখুঁত থ্রু পাস পেয়ে বাম প্রান্ত দিয়ে এগিয়ে যান কুনহা। এরপর বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়েও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। একক প্রচেষ্টায় হাইতির রক্ষণভাগ ভেঙে গোলরক্ষক জনি প্লাসিডকে পরাস্ত করে দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। তার গোলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের মতো ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। কিছুটা এলোমেলো ফুটবল খেললেও হাইতিকে গোলের সুযোগ খুব বেশি দেয়নি তারা। অন্যদিকে হাইতিও নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকটি আক্রমণ শানায়। তবে ব্রাজিলের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল আদায় করতে পারেনি দলটি।
ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হিসেবে নামা এনদ্রিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোলটিও বাতিল হয়। ফলে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে (+৩) এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে তারা। এর আগে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল মরক্কো। তবে ব্রাজিলের বড় জয়ের পর গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আফ্রিকার দলটি।
অন্যদিকে হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপের পরবর্তী ও শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটিশরা। সেই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে গ্রুপের চূড়ান্ত অবস্থান এবং নকআউট পর্বের সমীকরণ।