Loading...

  • 26 Jul, 2026

কোরবানির হাটে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

কোরবানির হাটে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসাতে দেওয়া হবে না। পশু পরিবহনের সময় সাধারণ মানুষের ভোগান্তি কমানোতেও বিশেষ নজর রাখা হবে।

হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া হাট ব্যবস্থাপনায় ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

তিনি আরও জানান, বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল টাকা প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।