সৌদি আরবের পবিত্র মসজিদে নববী-তে জুমার খুতবার সময় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। খুতবা দেওয়ার একপর্যায়ে বক্তব্য থামিয়ে উপস্থিত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাহকদের সতর্ক করেন মসজিদের ইমাম ড. সালাহ আল-বুদাইর। তিনি বলেন, ছবি ও ভিডিও ধারণ এমনভাবে করতে হবে যাতে মুসল্লিদের কষ্ট না হয় এবং ইবাদতের পরিবেশ বিঘ্নিত না হয়।
জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতির মধ্যে খুতবা দিচ্ছিলেন ড. সালাহ আল-বুদাইর। একপর্যায়ে তিনি সংক্ষিপ্ত বিরতি নিয়ে চিত্রগ্রহণকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্মরণ করিয়ে দেন, পবিত্র স্থানগুলোতে দায়িত্বশীল আচরণ বজায় রাখা সবার কর্তব্য এবং ছবি বা ভিডিও ধারণের কারণে কোনো মুসল্লির মনোযোগ নষ্ট হওয়া উচিত নয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ইমামের বক্তব্যকে সময়োপযোগী ও প্রয়োজনীয় নির্দেশনা হিসেবে দেখছেন। অন্যদিকে কেউ কেউ ধর্মীয় স্থানে প্রযুক্তির ব্যবহার ও এর সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন।