Loading...

  • 26 Jul, 2026

জুনের প্রথম ১৩ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স, ধারাবাহিক উচ্চ প্রবাহে দেশ

জুনের প্রথম ১৩ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স, ধারাবাহিক উচ্চ প্রবাহে দেশ

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার করে দেশে এসেছে।

আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার, আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ৮২ কোটি ৫৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে মে মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাহ হিসেবে রেকর্ড হয়েছে। মার্চ মাসে আসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এখন পর্যন্ত একক মাসে রেকর্ড সর্বোচ্চ প্রবাসী আয়।

চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ৩০০ কোটি ডলারের আশেপাশে বা তার বেশি থাকায় বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

২০২৪–২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলারে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স প্রবাহ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা এই প্রবৃদ্ধির অন্যতম কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আমদানি ব্যয় ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখছে।