Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী


জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে, আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; বরং এর সঙ্গে শহীদদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা জড়িয়ে রয়েছে। তাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার আন্তরিক এবং এ কাজ সংসদের মাধ্যমেই সম্পন্ন করা হবে।

তিনি বলেন, "জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরে শহীদদের রক্তের স্মৃতি জড়িয়ে আছে। তাই আমরা এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চাই। তবে সবকিছুই হবে সংসদের মাধ্যমে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।"

সরকার সংসদ ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের সহযোগিতা প্রত্যাশা করে উল্লেখ করে জহির উদ্দীন স্বপন বলেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন আদর্শের কথা বলে সচেতনভাবে বা অসচেতনভাবে অন্য রাজনৈতিক দলের ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রীর মতে, সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।