ইরানের ছোড়া একাধিক ড্রোন কুয়েতের আকাশসীমায় প্রবেশের পর সেগুলো সফলভাবে প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (১ আগস্ট) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ভোর থেকেই সন্দেহভাজন ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি জানান, ইরানি ড্রোনগুলো কুয়েতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এর মধ্যে উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা এবং Bubiyan Island-এ অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন বেসামরিক যানবাহনও ছিল লক্ষ্যবস্তুর মধ্যে।
ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার বিভিন্ন এলাকায় পড়ে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কুয়েত কর্তৃপক্ষ।
কুয়েতের জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে শনিবার ভোরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় শোনা যাওয়া বিকট বিস্ফোরণের শব্দ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হলেও সামরিক বাহিনী জানিয়েছে, এগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার সময় সৃষ্ট বিস্ফোরণের শব্দ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে কুয়েতের সামরিক বাহিনী অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক থাকার, সরকারি নির্দেশনা অনুসরণ করার এবং পরবর্তী সরকারি আপডেটের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ