Loading...

  • 26 Jul, 2026

হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে: ডিএনসিসি প্রশাসক

হাসপাতালের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে: ডিএনসিসি প্রশাসক

হাসপাতালের বর্জ্য যথাযথভাবে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্ধারিত নিয়ম মেনেই বর্জ্য অপসারণ করতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি সিটি করপোরেশনের দায়িত্বের আওতায় পড়ে না। এ ধরনের চিকিৎসা বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাসপাতালের সামনে একটি ময়লার বিন স্থাপনেরও পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, এলাকাবাসীর জন্য মানসম্মত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান মিল্টন আশা প্রকাশ করেন, সেবার মান বজায় রেখে গ্রিন স্পেশালাইজড হাসপাতাল ভবিষ্যতে এলাকার অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।