Loading...

  • 25 May, 2026

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ মে

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ মে

প্রতিবেদন দিতে না পারায় নতুন তারিখ নির্ধারণ; সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার এ মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তা দাখিল করতে পারেননি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা করা হয়। পরে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শরিফ ওসমান বিন হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এর আগে ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তবে মামলার বাদী ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করলে আদালত ১৫ জানুয়ারি মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

বর্তমানে সিআইডি মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে আশা করা হচ্ছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy