Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

গ্যাস সংকট দ্রুত কাটবে, পরিস্থিতির উন্নতির আশা সরকারের: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট দ্রুত কাটবে, পরিস্থিতির উন্নতির আশা সরকারের: তথ্য উপদেষ্টা

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, দেশে গ্যাসের সংকট আগে থেকেই ছিল। এর মধ্যে এলএনজি (LNG) টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব গ্যাস সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার ওপরও পড়েছে।

তিনি বলেন, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি সাময়িক এই পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানান।

অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহকের বিল অস্বাভাবিক মনে হলে তিনি যেন নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি নির্দেশনার বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন।