Loading...

  • 26 Jul, 2026

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের (CIRDAP) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গ্রামীণ অঞ্চলের টেকসই উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কৃষিনির্ভর জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে সরকার কৃষি সহযোগিতা, আধুনিক সেচব্যবস্থা এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে গ্রামের মানুষও সমান সুযোগ-সুবিধা পাবে।

অনুষ্ঠানে সিরডাপের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত প্রায় পাঁচ দশক ধরে সংস্থাটি পল্লী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও সিরডাপের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে গ্রামীণ উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার আরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।