দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার দর্শকদের সামনে হাজির হয়েছেন ভিন্ন এক রূপে। অভিনয়, নাচ কিংবা মঞ্চ পারফরম্যান্সের বাইরে এবার তিনি একটি আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। ‘শিকারি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মিউজিক ভিডিওটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। গানটি প্রকাশের পর তিনি জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী অভিজ্ঞতা। তার ভাষায়, “এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি।”
জায়েদ খান বলেন, ভিডিওটির দৃশ্যধারণে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল স্পোর্টসকার, আধুনিক মোটরসাইকেল এবং আন্তর্জাতিক মানের লোকেশন। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে চিত্রায়িত হয়েছে গানটির দৃশ্য। পাশাপাশি এতে অংশ নিয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক বিদেশি মডেল, যা পুরো আয়োজনকে আরও বৈচিত্র্যময় করেছে।
তার দাবি, সাধারণ মিউজিক ভিডিওর তুলনায় এই প্রজেক্টে সময়, পরিকল্পনা ও নান্দনিকতার দিক থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটি চলচ্চিত্রের গানের মতোই যত্ন নিয়ে প্রতিটি দৃশ্য নির্মাণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে হলিউড ঘরানার কাজ করার যে ইচ্ছা ছিল, ‘শিকারি’ সেই স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে সম্পন্ন হওয়া শুটিংয়ে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল অংশ নেন। বাংলাদেশের মডেল ইয়াসমিন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা এতে পারফর্ম করেছেন।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন রোহান বিল্লাল। নির্মাতাদের প্রত্যাশা, দেশ-বিদেশের দর্শকদের কাছে ‘শিকারি’ নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হিসেবে গ্রহণযোগ্যতা পাবে।