Loading...

  • 26 Jul, 2026

এইচএসসিতে অনুপস্থিতদের পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত, জুলাইয়ের শেষেই এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি

এইচএসসিতে অনুপস্থিতদের পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত, জুলাইয়ের শেষেই এসএসসি ফল প্রকাশের প্রস্তুতি

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে প্রশাসনিক কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি চলছে।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় যারা বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কারা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদন প্রক্রিয়া কী হবে এবং পরীক্ষা কীভাবে নেওয়া হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার আয়োজন করা হলে, যোগ্য শিক্ষার্থীদের সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

এর আগে সরকার জানিয়েছিল, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

অন্যদিকে, ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ব্যস্ততা এবং চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমের কারণে ফল প্রকাশ কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। তবে জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানিয়েছেন, দাখিল পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ। স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি চট্টগ্রামের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন সময়সূচি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।