Loading...

  • 26 Jul, 2026

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা, কেন্দ্রের ২০০ গজে সাধারণ প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা, কেন্দ্রের ২০০ গজে সাধারণ প্রবেশ নিষিদ্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ জুলাই। পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াত এবং পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট নিয়ন্ত্রণে রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে, যাতে যানজট বা অন্য কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণে সমস্যা না হয়।

যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে আসবেন, তাদের কেন্দ্রের মূল ফটকের সামনে না নেমে কাছাকাছি অপেক্ষাকৃত কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে গাড়িতে ওঠার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণের অনুরোধ করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের আশপাশের কোনো সড়কে যানবাহন পার্ক করে রাখা যাবে না বলেও কঠোরভাবে জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

এছাড়া অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপির মতে, অভিভাবকদের ভিড়ের কারণে যান চলাচল ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে, যা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়কগুলো জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পরীক্ষার্থী নন এমন যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষা চলাকালীন সব দিন এই নির্দেশনা কার্যকর থাকবে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

পরীক্ষার্থী, অভিভাবক এবং নগরবাসীর সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।