দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে পাবনা শহরের গোপালপুর এলাকা থেকে দুদক ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার (৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোল তৈরি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এছাড়া সম্পদ বিবরণী যাচাইয়ে দেখা গেছে, তিনি প্রায় ৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং তার আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।