Loading...

  • 24 Aug, 2026
সর্বশেষ

ডকুমেন্টারিটি দেখে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে সারজিস আলম

ডকুমেন্টারিটি দেখে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে, ফলে এটি দেখে মনে হতে পারে যে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং বিএনপির দলীয় অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত জুলাই আন্দোলনের এক দফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর যথাযথ প্রতিফলন দেখা যায়নি।

সারজিস আলমের ভাষ্য, এসব গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ায় প্রামাণ্যচিত্রটি গণঅভ্যুত্থানের সামগ্রিক ইতিহাস তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, এতে আন্দোলনের প্রকৃত চরিত্রের পরিবর্তে একটি দলকেন্দ্রিক বর্ণনা বেশি গুরুত্ব পেয়েছে।

একই পোস্টে তিনি আরও বলেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের যে প্রবণতার অভিযোগ অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, বিএনপিও একই পথে হাঁটছে বলে তাঁর মনে হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশের বিষয়টি উল্লেখ করে সারজিস আলম বলেন, শুধু দুঃখ প্রকাশ করলেই ইতিহাসের দলীয়করণ বা বিতর্ক দূর হবে না। তিনি এ ধরনের উপস্থাপনা থেকে সরে এসে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিরপেক্ষ ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরার আহ্বান জানান।