দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ফেনীতে পৌঁছায় বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন
সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম উপজেলার খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটি অনুমোদন করে।
প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখননের কাজ করার কথা রয়েছে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুৎ কর্মসূচি
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ
সফরের শেষ পর্যায়ে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন।
প্রধানমন্ত্রীর ফেনী সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তাঁর প্রথম সফর।