দেশের টেকসই উন্নয়নকে আরও কার্যকর ও গ্রামভিত্তিক করার লক্ষ্যে তিনটি গ্রামকে নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
প্রকল্পের আওতায় নির্বাচিত তিনটি গ্রাম হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের মূল লক্ষ্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এর আওতায় নির্বাচিত গ্রামগুলোতে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় জলাবদ্ধতা নিরসন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং গ্রামীণ অবকাঠামো ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রকল্পের আওতায় সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন মৌলিক সেবার মান আরও উন্নত হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনটি গ্রামের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতে দেশের অন্যান্য গ্রামেও এ ধরনের সমন্বিত উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে এসডিজির লক্ষ্যগুলোকে জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।