Loading...

  • 26 Jul, 2026

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী

সাম্প্রতিক বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বর্তমানে নির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারেননি, তাদেরও নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। শিক্ষা বোর্ড জানায়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। নতুন ঘোষণার ফলে এসব জেলার পরীক্ষার্থীদের দীর্ঘ অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।