Loading...

  • 26 Jul, 2026

‘চোখের বদলে মাথা’— ইরানকে ট্রাম্প প্রশাসনের কড়া বার্তা দিলেন রুবিও

‘চোখের বদলে মাথা’— ইরানকে ট্রাম্প প্রশাসনের কড়া বার্তা দিলেন রুবিও

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ‘চোখের বদলে চোখ’ প্রতিরক্ষা নীতির মন্তব্যের জবাবে কঠোর অবস্থান তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ‘চোখের বদলে চোখ’ নয়, বরং ‘চোখের বদলে মাথা’— যা আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুবিওর দাবি, ইরান তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই চড়া মূল্য দিতে শুরু করেছে এবং ভবিষ্যতেও এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফলে ইরানের বিভিন্ন শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি হলো ‘চোখের বদলে চোখ’। তিনি জানান, দেশটির ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে ইরান শক্তিশালী ও নির্ণায়ক প্রতিশোধ নেবে। একই সঙ্গে হামলাকারীদের সহযোগীদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরাগচির এই মন্তব্যের পরপরই মার্কিন প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রুবিওর কড়া প্রতিক্রিয়া আসে। বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এমন পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে সামরিক ও কূটনৈতিক চাপ, অন্যদিকে পাল্টা হুমকি— উভয় পক্ষের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরও পড়তে পারে।